জামালগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:৩৬:২৪ অপরাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি: ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, তরুণদের শক্তি মাদকমুক্ত জাতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের আহ্বানে মাদকবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জ মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভাটি সঞ্চালনা করেন হাসান আল মাসুম। এতে বক্তব্য দেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বন্দে আলী, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, সদস্য জুলফিকার চৌধুরী রানা, উপজেলা জামায়াতের সভাপতি মো. হাবিবুর রহমান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক স্বপন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বক্তব্য দেন গণমাধ্যমকর্মী তোফাজ্জল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নুর শাদী, যুবদল নেতা এমদাদুল হক হিরন, মাদকবিরোধী ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক আল জিসান, জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি খন্দকার ইনসান আহমেদ মনির, সহসভাপতি সাইদুল মুরসালিন ও সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম স্বপনসহ অনেকে।
বক্তারা বলেন, একটি পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হলে পুরো পরিবারকে নানা সংকটের মধ্য দিয়ে যেতে হয়। যুবসমাজ ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। পাশাপাশি নিজ নিজ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।






