কুলাউড়ায় সরকারি ট্যাগের ২৪ বস্তা বীজ জব্দ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৭:১০:০৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ২৪ বস্তা বীজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জামাল মিয়া নামে এক বিক্রেতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার নিজাম ট্রেডার্স থেকে সরকারি ট্যাগসংবলিত ২৪ বস্তা বীজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছিলেন জামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সরকারি আদেশ অমান্য করার দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, জব্দ হওয়া বীজের উৎস অনুসন্ধানে স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ২৪ বস্তা সরকারি বীজ কৃষি সম্প্রসারণ বিভাগের জিম্মায় দিয়ে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






