তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৯:২৩:০৫ অপরাহ্ন

তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে অংশীজনদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার একটি হোটেলের মিলনায়তনে ‘তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
কর্মশালায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন কেবল নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করে না, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার একটি কার্যকর হাতিয়ার। এ আইন বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সব পর্যায়ে আন্তরিক ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে তথ্য অধিকার আইন-২০০৯, তথ্য আবেদন প্রক্রিয়া, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আইনটির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও তা দূর করার উপায় নিয়েও মতবিনিময় হয়।
বেলার বিভাগীয় কর্মকর্তা নিরুপম দে’র স্বাগত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রধান প্রশিক্ষক হিসেবে বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার পরিবেশ, ভূমি, পানি ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহে বেলার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি তথ্য আবেদন, আপিল এবং তথ্য কমিশনে অভিযোগ দাখিলের প্রক্রিয়াও বাস্তব উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিনিয়র আইনজীবী দেলওয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রওশন আরা মুকুল, রিডো বাংলাদেশের আব্দুল মালেক, আরডব্লিউডিওর প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহেদুল ইসলাম রশিদ, ব্লাস্টের অ্যাডভোকেট আসমা আরা বেগম, একডোর প্রোগ্রাম সমন্বয়কারী মোমতাহিনুর রহমান চৌধুরী, তানজিনা বেগম, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সাংবাদিক কাইয়ুম উল্লাস, কামরুল ইসলাম মাহি, শফি উদ্দিন ও ইমরান আহমদ।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সাধারণ মানুষের তথ্য পাওয়ার অধিকার বাস্তবায়নে এবং তথ্য অধিকার আইনকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি






