নগরে একদিনে ৪ অস্বাভাবিক মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৬, ৮:৫৬:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে একদিনে পৃথক চার ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায়, একজন আবাসিক হোটেলে এবং অপরজন বাসায় মারা গেছেন। নিহতদের মধ্যে একজন স্কুলশিক্ষক, একজন ব্যবসায়ী ও দুজন যুবক রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে শাহপরান থানাধীন খাদিমপাড়ার বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার হাসান (২৬) নিহত হন। তিনি দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। শাহপরান থানার ওসি ফেরদৌস হাসান হোসেন জানান, মরদেহ মর্গে পাঠানোর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার কার্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষক মুরাদ আহমেদ (৫৯) নিহত হন। স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি মাছিমপুর এলাকার মৃত নুরুদ্দিনের ছেলে।কোতোয়ালী থানার ওসি খান মো. মাঈনুল জাকির জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
একই সময়ে নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আলী আবাসিকের একটি কক্ষ থেকে সোহেল আহমদ (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জৈন্তাপুরের ডিবির হাওর এলাকার বাসিন্দা এবং নগরীর হাসান মার্কেটে ব্রিফকেস ও ব্যাগেজের ব্যবসা করতেন। হোটেল কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অন্যদিকে সকাল ১১টার দিকে শাহপরান থানাধীন উপশহরের একটি বাসা থেকে রাব্বী আহমদ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরান থানার ওসি ফেরদৌস হাসান জানান, রাব্বীর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে।
এদিকে একদিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক চার ঘটনায় নগরীতে একদিনে চারজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।





