জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ আরো ২ জনের মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৭:৫৭:৫০ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা বাকি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার হাওরের পানিতে ভেসে ওঠে নিখোঁজ হেমেন্দ্র দেবনাথ ও অধীর দেবনাথের মরদেহ। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে তাদের স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এর আগে শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করে। রোববার পানিতে ভেসে ওঠা বাকি দুইজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার হলো।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর গ্রামের কয়েকজন বাসিন্দা পার্শ্ববর্তী ভরাউট গ্রামে একটি হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে নৌকাযোগে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর এলাকায় নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ৪ জন নিখোঁজ হন।





