শান্তিগঞ্জে নিখোঁজ মারুফের সন্ধান চায় পরিবার
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৯:৪৯:৩৮ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারুফ আলম (১৩)। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
মারুফ আলম উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (কোনারবাড়ি) গ্রামের ব্যবসায়ী আছির আলম ও সামিয়া বেগম দম্পতির ছেলে। সে চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, গত ৩১ জুলাই দুপুর ২টার দিকে নতুন বাড়ি থেকে পাশের পুরোনো বাড়ির উঠানে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে যায় মারুফ। খেলা শেষে গোসল করে নতুন বাড়ির উদ্দেশে বের হলেও এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।
অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে একই দিন শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ মারুফের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল গোলাপি রঙের শার্ট ও জিন্সের প্যান্ট।
মারুফের সন্ধান পেলে তার বাবা ০১৭৮০-৭৯৫০৭১ অথবা ভাই ০১৪০৮-০৭৩৫১৬ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।






