সুনামগঞ্জে শিবিরের ‘লেগাসি অব জুলাই’ ম্যারাথন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:৪২:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘লেগাসি অব জুলাই’ শিরোনামে ৫ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টায় সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট থেকে ম্যারাথনটি শুরু হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুনের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
ম্যারাথনটি কাজির পয়েন্ট থেকে ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্ট্যান্ড ও কালীবাড়ি হয়ে সুনামগঞ্জ সরকারি কলেজে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে সুনামগঞ্জ পৌর এলাকার বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ম্যারাথন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক আবু সুফিয়ান ত্বোহা, মিডিয়া সম্পাদক মাসুদ আহমদ এবং সদর উপজেলা সভাপতি আজিজুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে জেলা সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও প্রস্তুত থাকতে হবে। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ম্যারাথন কর্মসূচির সমাপ্তি হয়।






