মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় হাইকমিশনের
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৭:৩১:১৬ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন গত দেড় বছরে বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবারের জন্য ৫২ কোটিরও বেশি টাকার ক্ষতিপূরণ ও বিভিন্ন আর্থিক সুবিধা আদায় করেছে। প্রবাসী কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হাইকমিশনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কর্মস্থলে দুর্ঘটনা, স্থায়ী অক্ষমতা, মৃত্যু এবং অন্যান্য শ্রমসংক্রান্ত মোট ২ হাজার ৮৫৭টি দাবির বিপরীতে ১ কোটি ১৪ লাখ ১৮ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩৪ কোটি ২৫ লাখ টাকা) ক্ষতিপূরণ ও অন্যান্য সুবিধা আদায় করা হয়।
এদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে আরও ১ হাজার ৩৮১টি দাবির বিপরীতে ৫৮ লাখ ৮০ হাজার রিঙ্গিত (প্রায় ১৭ কোটি ৬৭ লাখ টাকা) আদায় হয়েছে। ফলে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত মোট আদায়কৃত ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৮ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকার সমান।
হাইকমিশনের কর্মকর্তারা জানান, আদায়কৃত ক্ষতিপূরণের বড় অংশই কর্মস্থলে দুর্ঘটনায় সাময়িকভাবে কর্মক্ষমতা হারানো শ্রমিকদের দেওয়া হয়েছে। ২০২৫ সালে এ ধরনের ২ হাজার ২৯৩টি দাবির বিপরীতে প্রায় ৩৫ লাখ রিঙ্গিত এবং স্থায়ী অক্ষমতায় আক্রান্ত ১৫৫ জন শ্রমিকের জন্য আরও প্রায় ৩৫ লাখ রিঙ্গিত প্রদান করা হয়। এছাড়া ক্ষতিপূরণ প্যাকেজের আওতায় মৃত শ্রমিকদের স্বজনদের আর্থিক সহায়তা, দাফন ব্যয় এবং মরদেহ দেশে পাঠানোর খরচও অন্তর্ভুক্ত ছিল।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা হাইকমিশনের অন্যতম প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, যাতে কোনো বাংলাদেশি শ্রমিক বা তাদের পরিবার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, সে জন্য আমরা নিয়মিত মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছি। তিনি আরও জানান, দ্রুত কনস্যুলার সেবা, আইনি পরামর্শ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
হাইকমিশনের শ্রম কাউন্সেলর সিদ্দিকুর রহমান বলেন, হাইকমিশনারের দিকনির্দেশনায় শ্রম উইং বকেয়া বেতন, ক্ষতিপূরণ দাবি এবং অন্যান্য শ্রমসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে ধারাবাহিকভাবে কাজ করছে। একই সঙ্গে শ্রমিকদের আইনি অধিকার ও ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।





