চুক্তি থাকা সত্ত্বেও হাসিনাকে ফেরাতে দেরি কেন, প্রশ্ন জামায়াত আমীরের
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৭:৪৩:০৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বন্দি বিনিময় চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, সেটি সরকারেরই ব্যাখ্যা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দেরি হওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন ? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না বরং তিনি কেন বলছেন আমি ঢুকে যাবো ?। এটা সরকার ভাল বলতে পারবে। উপস্থিত সাংবাদিকের উদ্দেশে তিনি বলেন, এ প্রশ্নটি সরকারের কোনো মন্ত্রীকে করুন। আপনার মতো আমাদেরও দাবি, সরকার নিজ দায়িত্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনুক।
জামায়াত আমীর বলেন, তার (শেখ হাসিনা) বিরুদ্ধে যে রায় হয়েছে তার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে, সেগুলো তাকে ফেইস (মুখোমুখি) করতে দেওয়া উচিত। তবে আমরা এ কথা সব সময় বলে থাকি, বিচার হবে নায্যতার ভিত্তিতে অনায্য কোন বিচার চাই না।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, কালোকে কালো, সাদাকে সাদা বলবেন। আমিও কালো হলে আমাকে ছাড় দিয়ে কথা বলবেন না। জাতির এই চতুর্থ স্তম্ভ যদি কার্যকরভাবে কাজ করে, তাহলে রাষ্ট্রযন্ত্রের সব প্রতিষ্ঠানও কার্যকর থাকবে। কিন্তু এই জায়গাটি দুর্বল হলে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না।
সরকার ভুল করে না শুদ্ধ করে তা কে বলবে, বলবেন তো আপনারা ? সেই জায়গাটা যখন অক্ষুন্ন থাকবে, বলিষ্ট হবে দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে।





