যাত্রীর টাকা চুরি অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৯:৪৮:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরে সিএনজি অটোরিকশায় যাত্রীদের টাকা চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ২টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে আনছার আলী (২৮)কে গ্রেফতার করেন। তিনি বাগারপাড় গ্রামের আনিস মিয়ার ছেলে। তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর: সিলেট-থ-১২-৮৪৩৬) এবং চোরাইকৃত ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ২০ মিনিটে একই এলাকার ছালেক আহমদের বাড়িতে অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য নুরুল হক ওরফে হক (২৮)কে গ্রেফতার করা হয়। তিনি ছালেক আহমদের ছেলে।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই সকালে মাউন্ট এডোরা হাসপাতাল থেকে আখালিয়াঘাটগামী একটি সিএনজি অটোরিকশায় যাত্রাকালে সুরমা আবাসিক এলাকার সামনে এক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে কৌশলে ৩ লাখ টাকা চুরি করা হয়। এঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়ের হওয়া মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





