সিলেটে উশু ক্যাম্পিংয়ের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৯:১৭:২৮ অপরাহ্ন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন বলেছেন, উশু শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুগঠিত এবং সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সিলেটে উশু খেলার প্রসারে চাইনিজ উশু ফাইটার স্কুলের উদ্যোগ প্রশংসনীয়। তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।
শুক্রবার সিলেট জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত উশু ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ও বিভাগের অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মো. মহসীন আলী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সদস্য তানভীর আহমদ, ব্ল্যাক বেল্ট আব্দুর রউফ, ব্যাডমিন্টন কোচ মোজাহিদুল ইসলাম, সিলেটের কারাতে কোচ এম এ এ মাসুদ রানা, হবিগঞ্জের কারাতে কোচ ও বিচারক ফররুখ আহমেদ খানসহ সংশ্লিষ্টরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে উশুর বিভিন্ন কৌশল ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি





