জৈন্তায় গৃহবধূর মৃত্যু, স্বামীসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ৯:১৬:০৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী ও সতিনের মারধরে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদ ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন ওই এলাকার বশির আহমেদের মেয়ে এবং রশিদ আহমেদের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে জিয়াসমিনকে তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। রশিদ আহমেদের প্রথম স্ত্রী রুশনা বেগমের কোনো সন্তান না থাকায় পরবর্তীতে তিনি জিয়াসমিনকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী জিয়াসমিনের চার সন্তান হওয়ার পর থেকে প্রথম স্ত্রীর প্ররোচনায় স্বামী তাকে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার দুপুরে স্বামী ও সতিন মিলে জিয়াসমিনের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার মাথার চুল কেটে ফেলা হয় এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদ ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।





