রাজনগরে সেতুর রেলিং ভেঙে ছড়ায় ট্রাক, চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৮:০৪:৩৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ধামাইছড়া সেতুর রেলিং ভেঙে চলন্ত একটি ট্রাক ছড়ায় পড়ে গেছে। এতে ট্রাকচালক রুম্মান আহমদ (৫৪) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ভোজ্যতেল নিয়ে ট্রাকটি মৌলভীবাজার হয়ে সিলেটের দিকে যাচ্ছিল। ধামাইপাড় সেতুতে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে ছড়ায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক রুম্মান আহমদ নিহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় চালকের তন্দ্রা আসার কারণে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দলও যোগ দেয়। দীর্ঘ চেষ্টার পর ট্রাকের ভেতর থেকে নিহত চালক রুম্মান আহমদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুম্মান আহমদ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামের খন্দকার আব্দুল খালেকের ছেলে।
রাজনগর থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বুধবার বিকেল ৫টার দিকে বলেন, ট্রাকচালকের মরদেহ থানায় রাখা হয়েছে। তার ছেলে থানায় এসেছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, ছড়ায় পড়ে থাকা ট্রাকটি উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।






