চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:৩২:২৪ অপরাহ্ন

চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা ঘোষণার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সাধারণ সম্পাদক ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক হৃদয় লোহার এ দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ ২০২৩ সালের চা শ্রমিকদের স্বার্থবিরোধী গেজেটের আলোকে ৫ শতাংশ ইনক্রিমেন্টের মাধ্যমে দৈনিক নগদ মজুরি ১৯৬ টাকা নির্ধারণকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
তারা বলেন, দৈনিক নগদ মজুরি ৫০০ টাকা, শ্রমিক স্বার্থবিরোধী গেজেট-২০২৩ বাতিল, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন এবং বসতভিটার স্থায়ী বন্দোবস্তÑএই চার দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে বিভ্রান্ত করতেই বাংলাদেশ চা সংসদ একতরফাভাবে ১৯৬ টাকা মজুরি ঘোষণা করেছে।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ১৯৬ টাকা দৈনিক মজুরি দিয়ে চা শ্রমিকদের সঙ্গে চরম অন্যায় করা হচ্ছে। সরকার চা শিল্পকে লাভজনক রপ্তানিমুখী শিল্প হিসেবে ঘোষণা করলেও যারা শ্রম দিয়ে এ শিল্পকে গড়ে তুলেছেন, সেই শ্রমিকদের জীবনমানের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তারা বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিক জনগোষ্ঠী শোষণ-বঞ্চনা ও শ্রমদাসত্বের শৃঙ্খলে বন্দি। এই বন্দিদশা থেকে চা শ্রমিকদের মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নেতৃবৃন্দ জানান, তারা চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা ঘোষণার দাবিতে আন্দোলন করে আসছেন। তবে বর্তমান বাগান নেতৃত্বের ৫০০ টাকা মজুরি ঘোষণার দাবির আন্দোলনকে তারা সমর্থন করছেন। একই সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রদানের গেজেট-২০২৩ বাতিল, জাতীয় মজুরি বোর্ড গঠন, অবিলম্বে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা এবং চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানান। বিজ্ঞপ্তি






