নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মৌলিক গবেষণা পদ্ধতি বিষয়ক সেমিনার
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২৬, ৯:০১:১৫ অপরাহ্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) সিলেটে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক গবেষণা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসের এনইইউবি অডিটরিয়ামে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘এনইইউবি সিএসই সোসাইটি’। এতে প্রধান আলোচক ছিলেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসের বায়োইনফরমেটিক্স বিষয়ে পিএইচডি গবেষক মো. সাইদুর রহমান কোহিনুর।
সিএসই বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জান্নাত ও ওয়াহিদুল আউয়াল সানির সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ আহমদ, সহযোগী অধ্যাপক রানা এম লুৎফুর রহমান পীর, প্রভাষক রাজর্ষী প্রজ্জ্বল তালুকদার, কেএমএম আসিফুজ্জামান ও নাদিম আহমদ। সেমিনারে সিএসই বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান আলোচকের বক্তব্যে মো. সাইদুর রহমান কোহিনুর বলেন, গবেষণার ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এমন একটি বিষয়, যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সিএসই শিক্ষার্থীদের শুধু কোডিং জানা যথেষ্ট নয়; নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে গবেষণার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, গবেষণার পদ্ধতি হতে হবে যৌক্তিক ও পুনরুৎপাদনযোগ্য। গবেষণায় সততা ও তথ্যসূত্রের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অসততা ও প্লেজিয়ারিজমের উদাহরণ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের গবেষণায় সততা বজায় রাখার পাশাপাশি কঠোর পরিশ্রমের আহ্বান জানান।
সেমিনারের শুরুতে প্রধান আলোচক মো. সাইদুর রহমান কোহিনুরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাকে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। বিজ্ঞপ্তি






