গ্যাস সরবরাহ শুরু হবিগঞ্জে ১৭১ কারখানা চালু
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৯:৪৪:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : তিনদিন বন্ধ থাকার পর হবিগঞ্জের ১৭১টি শিল্পকারখানায় ফের গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে গ্যাস পাওয়া শুরু হলে বিভিন্ন কারখানায় উৎপাদন চালু হয়।
রোববার (১৬ আগস্ট) সকাল থেকে অধিকাংশ কারখানা সচল হয়েছে এবং কাজে ফিরেছেন শ্রমিকরা।
এর আগে প্রায় ২০ দিন ধরে গ্যাস সংকটে ভুগছিল হবিগঞ্জের শিল্পাঞ্চল। বুধবার (১২ আগস্ট) থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলে প্রায় সব কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কাও তৈরি হয়েছিল।
জালালাবাদ গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, হবিগঞ্জ লাইনে বর্তমানে গ্যাস সরবরাহ মোটামুটি ভালো রয়েছে। এলএনজি সরবরাহ স্বাভাবিক থাকলে এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, গ্যাস পাওয়ার পর মেশিন ও জেনারেটর চালু করে উৎপাদন শুরু হয়েছে। কয়েকদিন বন্ধ থাকায় ক্ষতি হলেও সরবরাহ অব্যাহত থাকলে দ্রুত উৎপাদন স্বাভাবিক হবে।
সংশ্লিষ্টদের মতে, হবিগঞ্জের শিল্পকারখানাগুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেড় লাখের বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে। তাই উদ্যোক্তারা ভবিষ্যতে উৎপাদন বন্ধের মতো পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।






