স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৯:৫৬:৫২ অপরাহ্ন

সিলেট নগরীর কাজিরবাজার (সেলফি ব্রিজ) এলাকায় নবম শ্রেণির ছাত্র রিফাত আহমদ হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রিফাত আহমদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিহত ও আহতদের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বিগ্ন। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
শিক্ষানুরাগী হুমায়ূন আহমেদ মাশুকের সভাপতিত্বে এবং শাকিল আহমদ খানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি ফুয়াদ বিন রশীদ, ১০ নম্বর উত্তর বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন, দারুস সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নেয়ামত উল্লাহ, অ্যাডভোকেট আব্দুল আলিম, অ্যাডভোকেট আব্দুল আজিম, জুলাই যোদ্ধা লিটন আহমেদ, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী ও আহত আব্দুস সামি সিকদারের পিতা মো. সিরাজ সিকদার এবং নিহত রিফাতের মা ডলি বেগম।
এ সময় শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য মাহমুদ, রাজি, ছাত্র তোফায়েল আহমদ তপু, যুবদল কর্মী মুমিন আহমদ, জুয়েল আহমদ শেকু, তোফায়েল সিকদার তপু, সুমন আহমদ, ইমন আহমদ, এরশাদ, ইয়াসিন আহমদ, আহত ছাব্বিরের ভাই রাব্বি, নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান, সমাজসেবী নাজমুল ইসলাম, রুহুল আমিন, নাজিমসহ নিহতের পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





