সিলেটে হাম উপসর্গে হাসপাতালে আরো ১৩৮
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ৯:১৭:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যুহীন এই দিনেই সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড হয়েছে। একদিনে নতুন করে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২৮ জনে। একই সময়ে আরও ৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭৯ জন। হাম ও উপসর্গে মৃতের সংখ্যা আগের মতোই ১৩৬ জন।
সোমবার (১৭ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল হক।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৩৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন, রাজীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩২৮ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৬, রাজীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৫, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থ ইস্ট হাসপাতালে ৫, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৭৯ জন। এর মধ্যে সিলেটে ৩১১, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। শনাক্তের দিক থেকে সুনামগঞ্জ শীর্ষে রয়েছে। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।
চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৩৬ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৬ জনের। বাকি ১৩০ জন মারা গেছেন হামসদৃশ উপসর্গ নিয়ে। জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে ৫৫, সিলেটে ৫১, হবিগঞ্জে ১৭ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।





