দুই বছর ‘অভিভাবকহীন’ থাকার পর সিলেট চেম্বারে নির্বাচনের হাওয়া
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ১২:১৯:৩৩ অপরাহ্ন
নতুন তফসিলে ভোট ৫ নভেম্বর

স্টাফ রিপোর্টার : প্রায় দুই বছর ধরে নির্বাচিত নেতৃত্বহীন সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। রাজনৈতিক পটপরিবর্তনের পর নেতৃত্ব সংকট, প্রশাসক নিয়োগ, নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের মাত্র পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত এবং পরে উচ্চ আদালতের নির্দেশ-সব মিলিয়ে দীর্ঘ সময় ধরে ঝুলে ছিল চেম্বারের নির্বাচন। অবশেষে সেই জটিলতা পেরিয়ে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেট চেম্বারের নির্বাচন।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে চেম্বারের হলরুমে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আয়েশা আক্তার সাংবাদিক ব্রিফিংয়ে বিস্তারিত তফসিল তুলে ধরেন।
নতুন তফসিল অনুযায়ী, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুসারে দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও ২৪ জন পরিচালকসহ মোট ২৭ জন নির্বাচিত হবেন। ৫ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১০ নভেম্বর বিকেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সিলেট চেম্বারের তৎকালীন সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে চলে গেলে সংগঠনটির নেতৃত্বে সংকট তৈরি হয়। পরে ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের নেতৃত্বে কার্যক্রম চালানোর চেষ্টা হলেও সদস্যদের দাবির মুখে সভাপতি ও চার পরিচালক পদত্যাগ করেন। এতে কার্যত অচল হয়ে পড়ে চেম্বারের স্বাভাবিক কার্যক্রম।
পরবর্তীতে চেম্বারের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ করা হয়। তবে নির্বাচিত প্রতিনিধি না থাকায় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে নির্বাচিত নেতৃত্ব না থাকায় আমদানি-রপ্তানি, বিনিয়োগসহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কার্যকরভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ কমে যায়।
জানা গেছে, সংকট কাটিয়ে নির্বাচিত নেতৃত্ব ফিরিয়ে আনতে ২০২৫ সালের ৪ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণের কথা ছিল। নির্বাচনে ‘সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’-দুটি প্যানেল থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তফসিল, মনোনয়ন যাচাই-বাছাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
কিন্তু ভোটের মাত্র পাঁচ দিন আগে, ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি প্যানেল স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে হাইকোর্টে রিট করে। ২৯ অক্টোবর হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দেন।
তবে আদালতের আদেশের কপি যথাসময়ে না পৌঁছানোয় ১ নভেম্বর ভোট আর অনুষ্ঠিত হয়নি। ৫ নভেম্বর পর্যন্তও হাইকোর্টের আদেশের অফিসিয়াল কপি না আসায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তখন প্রার্থী ও ব্যবসায়ীরা দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও অন্যান্য কর্মসূচিও পালন করেন। এ তথ্যও ৭ মে’র প্রতিবেদনে উঠে এসেছিল।
এরপরও নির্বাচন আয়োজনের কার্যকর উদ্যোগ না নেওয়ায় ২০২৬ সালের চলতি মাস (আগস্ট) পর্যন্ত নির্বাচন ঝুলে ছিল। ওই সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা কার্যকর করছে না। মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মধ্যে দায়িত্ব নিয়ে এক ধরনের অস্পষ্টতার কারণে নির্বাচন প্রক্রিয়া এগোচ্ছিল না।
সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার তখন বলেছিলেন, পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রায়ই বিভিন্ন আইনি জটিলতায় পড়তে হয়। নির্বাচিত প্রতিনিধি থাকলে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সরাসরি আলোচনা করে এসব সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারেন। কিন্তু নির্বাচিত প্রতিনিধি না থাকায় বিনিয়োগকারী ও আমদানিকারকেরা তাদের সমস্যাগুলো তুলে ধরার সুযোগ পাওয়া যাচ্ছিল না।
এদিকে দীর্ঘ জটিলতার পর এবার নতুন করে নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) ঘোষিত নতুন তফসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক ভোটার তালিকা। তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা এবং আপত্তি নিষ্পত্তি হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২০ সেপ্টেম্বর।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩ অক্টোবর বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল হলে সংশ্লিষ্ট প্রার্থী আপিল বোর্ডে আপিল করতে পারবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে।
১২ অক্টোবর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের নোটিশ দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ অক্টোবর দুপুর ১২টা। ওই দিনই প্রত্যাহার শেষে বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নতুন তফসিলে সদস্যদের জন্যও গুরুত্বপূর্ণ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আয়েশা আক্তার জানান, বিধিমালা অনুযায়ী ভোটের ৬০ দিন আগে পর্যন্ত বকেয়া পরিশোধ করে সদস্যপদ নবায়ন করলে সংশ্লিষ্ট সদস্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। সে হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত সদস্যপদ নবায়নের সুযোগ থাকবে। এর পর যারা সদস্যপদ নবায়ন করবেন, তারা এবারের নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না।
তিনি আরও জানান, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী নির্বাচনের সম্ভাব্য তারিখের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। সেই বিধি অনুসরণ করেই এবার নির্বাচনী সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
প্রায় দুই বছর নির্বাচিত নেতৃত্ব না থাকার পর নতুন তফসিলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরলেও অতীতের অভিজ্ঞতার কারণে পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। ২০২৫ সালে ভোটের মাত্র পাঁচ দিন আগে নির্বাচন স্থগিত হওয়ার ঘটনা এখনও ব্যবসায়ী মহলের মনে আছে।
এবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ সম্পন্ন হলে দীর্ঘদিনের নেতৃত্ব সংকটের অবসান হবে। ফিরবে নির্বাচিত প্রতিনিধিত্ব। ব্যবসায়ীদের প্রত্যাশা, নির্বাচিত পর্ষদ আমদানি-রপ্তানি, স্থলবন্দর, বিনিয়োগ, অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের সঙ্গে কার্যকরভাবে কাজ করবে।
দীর্ঘ প্রায় দুই বছরের ‘অভিভাবকহীন’ অবস্থার পর তাই এখন সিলেট চেম্বারের সামনে সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন হবে কি না-তা নয়; বরং ৫ নভেম্বরের ভোট কতটা সুষ্ঠু ও নির্বিঘ্নে শেষ করে নির্বাচিত নেতৃত্বের হাতে চেম্বারের দায়িত্ব তুলে দেওয়া যায়- এমনটাই প্রত্যাশা সিলেটের ব্যবসায়ীদের।






