বদরুজ্জামান সেলিম জালালাবাদ গ্যাসের পরিচালক মনোনীত
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৮:১০:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেট ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদের পরিচালক মনোনীত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সোমবার (১৭ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত নিয়োগপত্রে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বদরুজ্জামান সেলিম নগরের শাহী ঈদগাহ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি ঐতিহাসিক শাহী ঈদগাহ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন তিনি সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এদিকে বদরুজ্জামান সেলিমের পরিচালক হিসেবে মনোনীত হওয়ার খবরে সিলেট বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে পোষ্ট করতে দেখা গেছে।
জানা গেছে, বিএনপি সরকার গঠনের পর এ পর্যন্ত সিলেট বিএনপির পাঁচ নেতাকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। এসব নেতাদের স্থানীয় সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বদরুজ্জামান সেলিম ছাড়া অন্যদের মধ্যে- সিলেট ওয়াসার চেয়ারম্যান হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী হয়েছেন সিসিকের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব দায়িত্ব দেয়া হয়েছে।






