সিলেট ও হবিগঞ্জে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৭:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ও হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু হয়েছে। কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক এবং চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের পাশে জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে মো. এবাদুর রহমান (৪১) নিহত হন। লরিতে (সিলেট-শ-১১-০০৭৩) করে এস্কেভেটর নিয়ে সিলেট শহরের দিকে যাওয়ার সময় সরু রাস্তায় সেটি লরি থেকে পড়ে যায়। এসময় নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এবাদুরের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
একই রাতে রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন রাসেল মিয়া (৩০)। তিনি উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। এ ঘটনায় আল-আমিন নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাটে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় নিহত হন ব্যবসায়ী দুলাল দেব (৫০)। তিনি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে এবং মনতলা বাজারের ব্যবসায়ী। সকালে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিএনজিযোগে মুরারবন্দ যাওয়ার পথে চাকলা এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর ও কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি পৃথক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পৃথক তিন ঘটনাতেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে স্ব স্ব থানা সূত্রে জানা গেছে।






