ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৩:১৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ভারতের সঙ্গে আগের সরকারের করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সফলভাবে শেষ হওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, আগের সরকারের সময়ে করা বিভিন্ন অনৈতিক ও দেশের স্বার্থবিরোধী চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার। বিএনপি সরকারের নীতি হলো: সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থ সুরক্ষার পরই অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
ভারতের ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ না জানানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিত ছিল। তাকে আমন্ত্রণ না জানানো অত্যন্ত দুঃখজনক।
চিফ হুইপ বলেন, বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের মধ্য থেকে ২০৫ কোটি ডলার পরিশোধ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের একটি জাহাজ ও বন্ধুত্বপূর্ণ একটি দেশের জাহাজ একই সময়ে এলে কিছু চুক্তির কারণে বন্ধুত্বপূর্ণ দেশের জাহাজ আগে খালাসের সুযোগ পেতে পারে। এ ধরনের ব্যবস্থা দেশের স্বার্থের পরিপন্থি। এ কারণে সরকার এ ধরনের চুক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।






