সীমান্তে বিজিবির প্রায় অর্ধ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। শুক্রবার ভোরে সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। এসময় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির দায়িত্বাধীন কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, প্রসাধনী সামগ্রী, বিস্কুট, টায়ার টিউব, চিনি ও জুস জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় রসুন।
জব্দকৃত চোরাইপণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা সম্ভব হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে আইন ও প্রচলিত বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন।






