মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কারের দাবিতে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫:৫০ অপরাহ্ন

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার দাবিতে সচেতন নাগরিকদের পক্ষ থেকে তাঁর কাছে স্মারকলিপি দেওয়া হলে তিনি এ কথা বলেন। বুধবার দুপুর ২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি তুলে দেন সচেতন নাগরিক সমাজের পক্ষে সৈয়দ সারোয়ার রেজা ও ক্রীড়া সংগঠক সৈয়দ ফজলুল করীম মারজান।
স্মারকলিপি গ্রহণকালে কয়েস লোদী বলেন, নিরাপদ ও সুন্দর খেলার মাঠ শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নগরীতে খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তিনি বলেন, মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কারের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা যাচাইয়ের পর আইন ও বিধি অনুযায়ী সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় সচেতন নাগরিকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, মাঠটি দ্রুত সংস্কার করে উন্মুক্ত করা হলে ৪ নম্বর ওয়ার্ডসহ বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং সুস্থ প্রজন্ম গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মুরব্বি আব্দুল করিম, জয়নাল আহমেদ, আম্বরখানা স্টাফ কোয়ার্টারের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, মিসবা আহমেদ জেহিন, সুমন খান, সজিবুর রহমান রুবেল, রহিম আহমেদ, রাসেল আহমেদ, জাহিদ আহমদ, সুমন আহমদ, নাসরিন আহমেদ, জেমিন আহমদ, জামাল মিয়া, এমদাদুল হক মান্না, মাসুদ আহমেদ রুবেল, বখতিয়ার আহমেদ, ইকরাম চৌধুরী, ইমরান চৌধুরী, রাফসান আহমেদ, তারেক, লিটন, মারুফ ও শাহ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি






