পুলিশ সুপারের সঙ্গে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০:২০ অপরাহ্ন

সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দক্ষিণ সুরমার মোহাম্মদপুর পশ্চিম বিলপাড় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা আব্দুল ওয়াবের ওপর নির্যাতন, হুমকি, লাঞ্ছিত করা এবং অন্যায়ভাবে মসজিদ থেকে বহিষ্কারের অভিযোগ তুলে এর সুষ্ঠু তদন্ত, আইনগত সহায়তা ও ন্যায়বিচারের দাবি জানানো হয়। এ বিষয়ে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণ করে পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন, ইমাম-মুয়াজ্জিনদের পাশে পুলিশ প্রশাসন সবসময় রয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সাক্ষাৎকালে পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার সিনিয়র প্রথম যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, সিনিয়র উপদেষ্টা হাফিজ মাওলানা জাকারিয়া আহমদ ও হাফিজ মাওলানা আবুল কাশেম, শানে সাহাবা খতীব ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল মুকিত, সহ-প্রচার সম্পাদক ক্বারী কাওছার আহমদ, সিনিয়র সদস্য হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





