ঝাড়খন্ডে পূজোর বিসর্জনে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৭:০০ অপরাহ্ন
সুজন চক্রবর্তী, ভারত: ভারতের ঝাড়খন্ডের পালামু জেলায় করম পূজোর ডালি বিসর্জন দিতে গিয়ে কোয়েল নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে চ্যানপুর থানার অন্তর্গত পতরিয়া খুর্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করম পূজো উপলক্ষে কয়েকজন শিশু করমের ডালি নিয়ে কোয়েল নদীতে বিসর্জন দিতে যায়। এ সময় এক শিশু নদীর পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধারে অন্য শিশুরাও পানিতে নামে। কিন্তু বর্ষায় নদীতে তীব্র স্রোত থাকায় তারাও স্রোতে ভেসে যায়।
শিশুদের চিৎকার শুনে নদীর পাশে থাকা এক নারী বিষয়টি দেখতে পান এবং গ্রামবাসীদের খবর দেন। পরে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টায় চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ পঞ্চম শিশুর সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। খবর পেয়ে চ্যানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এদিকে, পালামুরইপইন থানার হিসরা বরওয়াডিহের নানি ঝরিয়া এলাকায় করম পর্বের ঝুর বিসর্জন দিতে গিয়ে আরও এক কিশোরীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ১৭ বছর বয়সী সিম্পি কুমারী বন্ধুদের সঙ্গে জিঞ্জোই নদীতে বিসর্জন দিতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিহারের ভাগলপুরেও করম পূজোর আচার পালনের সময় পানিতে ডুবে ছয়জনের মৃত্যুর ঘটনা ঘটে।





