শাবিতে ‘খোয়াই বন্ধন’এর নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫:৩৮ অপরাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, শিক্ষার্থীদের নিজেদের স্বপ্নের পাশাপাশি পিতা-মাতা ও দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘খোয়াই বন্ধন’-এর নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সময়ে শিক্ষার্থীদের পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহযোগিতার বন্ধন দৃঢ় করার পাশাপাশি নিজেদের শিকড় ও এলাকার প্রতি দায়বদ্ধ থাকতে হবে।
খোয়াই বন্ধনের সভাপতি তোহা মিয়ার সভাপতিত্বে এবং আদনান ফারহাত ও তুষি ঘোষের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ গোপ অয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রসায়ন বিভাগের প্রফেসর ড. আহমদ জালাল ফরিদ-উস-সামাদ, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রেদওয়ান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সৈয়দ মিছবাহ উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মাহবুবুল হাকিম শোভন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাবিহা সুলতানা মেরিন, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. হাজেরা আক্তার এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম শামীম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মো. শামীম মিয়া এবং গীতা থেকে পাঠ করেন সৌরভ চন্দ্র দাশ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থী ও কমিটির সদস্যদের সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






