কুমিল্লায় ২০ ঘণ্টায় একই মহল্লার ৭ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১:৪৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই মহল্লায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন মেঘনা নদীতে ডুবে মারা যান। পরে একই মহল্লার আরও দুজনের মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ে বেড়াতে যাওয়ার পথে মেঘনা নদীতে ডুবে একই মহল্লার পাঁচজন মারা যান। এরপর বৃহস্পতিবার রাতে ওই মহল্লার কাসেম মিয়ার স্ত্রী মারা যান।
সবশেষ শুক্রবার সকালে মারা যান মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪)। তিনি হোমনা বাজারের মোবাইল মেকার এবং শ্রীমদ্দি গ্রামের প্রয়াত মালু মিয়ার ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে পূর্ব শ্রীমদ্দি ঈদগাহ মাঠে মহল্লার এক নারীর জানাজায় অংশ নেন জসিম উদ্দিন। জানাজা শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পর অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে একই মহল্লার সাতজনের মৃত্যু হলো। একসঙ্গে এত মানুষের মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
ওই গ্রামের বাসিন্দা ও হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, একটি মহল্লা থেকে সাতজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





