শিক্ষার মান ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮:০২ অপরাহ্ন
জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের সেমিনার

শিক্ষা ও কর্মসংস্থানে সিলেট বিভাগের পিছিয়ে পড়ার কারণ চিহ্নিত করে তা মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সিলেটের মানুষের মেধা ও সক্ষমতার কোনো ঘাটতি নেই; প্রয়োজন সঠিক নেতৃত্ব, শিক্ষা অবকাঠামোর উন্নয়ন এবং যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা।
শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুণগত শিক্ষার প্রসার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের বিভাগভিত্তিক সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে। শহর ও গ্রামীণ-উভয় ক্ষেত্রেই জাতীয় গড়ের তুলনায় সিলেটের অবস্থান নিচে। বিদ্যালয়ের সংখ্যা, পাসের হার, প্রাথমিক শিক্ষার মান এবং শিক্ষার্থীদের পড়া ও গণিতের মৌলিক দক্ষতার ক্ষেত্রেও এই পিছিয়ে থাকা দৃশ্যমান। তিনি বলেন, সিলেটের মানুষের সক্ষমতার কোনো ঘাটতি নেই। বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের মানুষ নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। তাই সিলেটের পিছিয়ে থাকার কারণ মেধার ঘাটতি নয়; এর সঙ্গে অবকাঠামোগত সমস্যা, নেতৃত্বের দুর্বলতাসহ বিভিন্ন কাঠামোগত বিষয় জড়িত।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের রিডিং, নিউমেরেসি ও মৌলিক বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত শিক্ষক রয়েছেন কি না এবং বিদ্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে কি নাÑএসব বিষয় বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী পর্যাপ্ত খাবার না খেয়ে বিদ্যালয়ে আসে। এ কারণে শিক্ষার্থীদের জন্য মিডডে মিলের প্রয়োজন রয়েছে। পাশাপাশি রিডিং ও নিউমেরেসি দক্ষতা বাড়াতেও সরকার একটি বড় প্রকল্প গ্রহণ করছে।
সিলেটে কারিগরি শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে দক্ষতা উন্নয়নের বিষয়টি সরাসরি যুক্ত। এ অঞ্চলে নতুনভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে। একই সঙ্গে বিদেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে সিলেটে একটি এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সিলেটে ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে অনেক ফ্রিল্যান্সার রয়েছেন। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, অবকাঠামো ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সিলেট পিছিয়ে রয়েছে। এ অবস্থার পরিবর্তনে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি প্রশাসনে দায়িত্ব পালন করা সিলেটি কর্মকর্তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কোনো প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহত্তর সিলেটের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করলে এ অঞ্চলের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আরও কার্যকর সহযোগিতা পাওয়া সম্ভব।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, একসময় সিভিল সার্ভিসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিলেটের মানুষের উল্লেখযোগ্য সাফল্য ছিল। জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সিলেটের মেধা বিকাশে কাজ করছে। সংগঠনটির অতীতের মতো সিভিল সার্ভিস, ব্যাংক ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহযোগিতামূলক কার্যক্রম আবারও জোরদার করা প্রয়োজন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা অজন্তা শুক্লার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. মো. দিদার চৌধুরী। মূল প্রবন্ধে সিলেট অঞ্চলের শিক্ষা ও কর্মসংস্থানের বিভিন্ন সমস্যা এবং উত্তরণের নানা সুপারিশ তুলে ধরা হয়।
সেমিনারে আরও বক্তব্য দেন সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, দি এইডেড হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি বদরুজ্জামান সেলিম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্ষা দে এনি। ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।
অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের ১২০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





