বড়লেখায় মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ১ দিনের রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮:৫৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় চাঞ্চল্যকর মরিয়ম আক্তার মুন্নি (২৩) হত্যা মামলার প্রধান আসামি ছামেলী আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল করিম আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ছামেলী আক্তার নিহত গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির ননদ ও উপজেলার মুড়িরগুল এলাকার মৃত ইয়াছিন আলীর মেয়ে। গত ১৮ সেপ্টেম্বর ডিএমপির মোহাম্মদপুর থানার বছিলা নামক এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ ছামেলীকে গ্রেফতার করে। পরদিন আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠায়।
জানা গেছে, ২১ আগস্ট গৃহবধূ মরিয়ম আক্তার মুিন্ন (২৩) বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামে স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার ১৫ দিন পর ৫ সেপ্টেম্বর রাতে নিহত মুন্নির মা রেনু বেগম ননদ ছামেলী আক্তারকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও আরো ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সেবা বেগম চাঞ্চল্যকর মুন্নি হত্যা মামলার প্রধান আসামি ছামেলী আক্তারের একদিনের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তা আসামিকে থানা হেফাজতে নিয়ে গেছেন।





