সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৫৮
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৬, ৮:৪৩:০৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে হাম ও উপসর্গে টানা দ্বিতীয় দিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হাসপাতালগুলোতে সন্দেহজনক হাম রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬১ জনে।
শনিবার (৩ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮১ জনেই রয়েছে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।
নতুন ভর্তি ১৫৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন রয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৬৬১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ৮, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩, কোম্পানীগঞ্জে ৩, বিশ্বনাথে ২, বিয়ানীবাজারে ৪, গোলাপগঞ্জে ৪, ফেঞ্চুগঞ্জে ৩, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫, ধর্মপাশায় ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর হাম ও উপসর্গে এ পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৭২ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন। জেলাভিত্তিক মোট মৃত্যুর মধ্যে সিলেটে ৭৩, হবিগঞ্জে ২৮, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন।
সেপ্টেম্বরে হাম ও উপসর্গে ২৯ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম দিন একজনের মৃত্যুর পর ২ ও ৩ অক্টোবর কোনো মৃত্যুর খবর নেই। তবে মৃত্যুহীন দুই দিনেও হাসপাতালে নতুন রোগী ভর্তির চাপ কমেনি; বরং একদিনে আরও ১৫৮ জন ভর্তি হওয়ায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৬১ জনে পৌঁছেছে।






