এনআরবি বিজনেস নেটওয়ার্কের সভায় মন্ত্রী আরিফ: বর্তমান সরকারে মতো কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:৩৪:৩১ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নিরাপদ অভিবাসন ও প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন ও কার্যক্রম শুরু করেছে। প্রবাসী অধ্যুষিত সব জেলায় এ কমিটি কাজ করবে।
শনিবার রাতে সিলেট নগরীর দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’ আয়োজিত ‘বিজনেস, নেটওয়ার্কিং ও কানেকশনস’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট বিভাগের চারটিসহ দেশের সব প্রবাসী অধ্যুষিত জেলায় জেলা প্রশাসনের অধীনে এ কমিটি থাকবে। কমিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে প্রবাসী কল্যাণসংক্রান্ত সরকারি-বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় করবে। পাশাপাশি প্রবাসীদের সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা জোরদার করা হবে। তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে এবং তাঁদের কল্যাণে একের পর এক পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, অতীতে কোনো সরকার এভাবে ভাবেনি। তারেক রহমান সরকার প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কার্ডে প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
‘ইউকে এনআরবি সোসাইটি’র পরিচালক এম আহমদ জুনেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার এবং সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
সিনিয়র সাংবাদিক ওয়েস খসরু ও সিলেট বেতারের ঘোষক রুহেনা সুলতানা যৌথভাবে সভা পরিচালনা করেন।
আয়োজকরা জানান, ব্যতিক্রমী এ আয়োজন প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। সভায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন আলোচকরা। বিজ্ঞপ্তি





