সিকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:০৯:০২ অপরাহ্ন

আনন্দ র্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। র্যালিতে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রধান ফটক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুক্তারুন ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, বিভিন্ন অনুষদের ডিন, দপ্তরপ্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। দেশের কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি কৃষি। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ, উৎপাদন ব্যয় কমানো, শ্রমিক সংকট মোকাবিলা এবং কৃষিপণ্যের অপচয় রোধে কৃষিতে যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি





