লংলা আধুনিক কলেজের গভর্নিং বডির প্রথম সভা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:৩৫:১০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ার লংলা আধুনিক কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোনীত নতুন সভাপতি জামিল আহমদ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। রোববার কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হোসেনের সঞ্চালনায় সভায় গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় কলেজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে বিদ্যোৎসাহী সদস্য জামিল আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।
জামিল আহমদ চৌধুরী শিক্ষাবিদ ও গবেষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএসসি, পেশাওয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রিতে এমএসসি এবং নেদারল্যান্ডস থেকে এরিয়াল ফটো ইন্টারপ্রিটেশন বিষয়ে পিজিডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে প্রায় ১৩ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে এ পদে যোগ দিয়ে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। এর আগে বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে প্রায় ১৯ বছর চাকরি করেন এবং বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে অবৈতনিকভাবে যুক্ত রয়েছেন। ‘নিঃস্ব সহায়ক সংস্থা’ নামে একটি অলাভজনক এনজিওর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আতাউর রহমান, শিক্ষক প্রতিনিধি নাজমা বানু, মো. আব্দুল মালিক ও সুরজিত কুমার দেব, অভিভাবক প্রতিনিধি সৈয়দ মকদ্দছ আলী, মোং মাহমুদ বখত চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য মোং আব্দুল মুনতাকিম চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য মোং হানিফ, হিতৈষী সদস্য মো. উস্তার মিয়া এবং চিকিৎসক প্রতিনিধি ডা. টি এইচ মানিক।





