কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৬:৩৬:২৩ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার উপজেলার শমশেরনগর বাজার, লামাবাজার ও স্টেশন রোড এলাকায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয়সহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে লামাবাজারের ওম ট্রেডার্সকে ৩ হাজার টাকা, স্টেশন রোডের চৌধুরী ট্রেডার্সকে ২ হাজার টাকা এবং সায়েম হার্ডওয়্যারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি না করা এবং অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





