রাসুলের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা হাবিব
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৮:৩৩:১৩ অপরাহ্ন
কোম্পানীগঞ্জে জামায়াতের সীরাতুন্নবী মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান বিশ্বের সমস্ত সমস্যার কারণ মানুষের হাতের কামাই। এর মূলে রয়েছে মুহাম্মদ (সা.) এর অনুসরণ না করা। অবকাঠামো উন্নয়ন হচ্ছে, মানুষের আয়-রোজগার বাড়ছে কিন্তু পরিবারে, সমাজে শান্তি বিরাজ করছেনা। দিন দিন খুন-খারাবিসহ নানা অপরাধ বেড়েই চলেছে। এ থেকে মুক্তির একমাত্র গ্যারান্টি মুহাম্মদ (সা.) এর শাশ্বত আদর্শ ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করা। তিনি বলেন, মুহাম্মদ (সা.) যা মানব জাতির জন্য রেখে গেছেন চৌদ্দশ বছর পরও আজ প্রমাণিত হচ্ছে এর মধ্যে শুধু কল্যাণ নিহিত। তাই রাসুলের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী আবু তুরাবের পরিচালনায় কোম্পানীগঞ্জের টুকেরবাজার সিএনজি স্টেশনে অনুষ্ঠিত সীরাত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রফিক আহমদ, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন হুমাইদী প্রমূখ।
সীরাত মাহফিল শেষে জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বাজারে বিভিন্ন পেশার মানুষের নিকট জামায়াতের লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাঁর সাথে জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন ছাড়াও উপজেলা নেতৃবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






