তাহিরপুরে দুর্গাপূজা মন্দির কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৬:৪৫:৫০ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩২টি মন্দির কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ। সভা সঞ্চালনা করেন ওসি (তদন্ত) সুশংকর পাল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দেবেশ রঞ্জন রায়, সদস্যসচিব রিংকু রায়, রনধির দাশ ধদি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, সদস্য দেবরাজ পুরকায়স্থ দেবল ও সমীরণ রায়সহ ৩২টি পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
সভায় দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ছয়টি মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে। এ ছাড়া দুটি পুলিশ ফাঁড়িসহ থানার সব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। পূজা উপলক্ষে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।






