মহালয়া উদযাপন পরিষদের উৎসব সমাপনীতে মন্ত্রী আরিফ: জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশ গড়ে তুলব
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২৬, ৭:৩৫:৫৭ অপরাহ্ন
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি বলেছেন, সমগ্র বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখা বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব।
শনিবার সন্ধ্যা ৬টায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ১৪৩৩ বঙ্গাব্দের তিন দিনব্যাপী বার্ষিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ধর্মসভা, পুরস্কার বিতরণ ও স্মারক সংকলন ‘অরুণ আলোর অঞ্জলি’র মোড়ক উন্মোচন করা হয়।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি জি.ডি. রুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ ও মহিলা বিষয়ক সম্পাদিকা শাশ্বতী পাল সোমা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সহসভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ ও পরিষদের প্রধান সমন্বয়ক অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ‘অরুণ আলোর অঞ্জলি’ স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন। সংকলনটির সম্পাদক কবি সুমন বনিক অনুষ্ঠান পরিচালনা করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তী ও সদস্যসচিব অসিত কুমার সূত্রধর।
এদিকে, উৎসবের শেষ দিনে সকাল সাড়ে ৮টায় শ্রীশ্রী চণ্ডী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। পরে শ্রীমা সারদা সংঘ সিলেটের উদ্যোগে সমবেত চণ্ডীপাঠ করেন সংঘের সেবাব্রতী মা ও বোনেরা।
সকাল ১০টায় অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস। তিনি বলেন, মহালয়াকে কেন্দ্র করে সিলেটে ধর্মীয় ভাবধারা সমুন্নত রেখে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা প্রশংসনীয়। এ মহতী কার্যক্রম সিলেটে নতুন দিগন্তের উন্মোচন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহালক্ষ্মী গ্রীবাপীঠ জৈনপুর সিলেটের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, ন্যাশনাল ব্যাংক সিলেটের আঞ্চলিক প্রধান সৈয়দ আরব আলী, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্যসচিব কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও বাংলাদেশ বেতার সিলেটের বাচিকশিল্পী নন্দিতা দত্ত।
দুপুর ২টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন। বিজ্ঞপ্তি





