গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৮:০৭:৩৩ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় হারিছ উদ্দিন নামে এক ব্যক্তির একটি হাত বিচ্ছিন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার তোয়াকুল বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত হারিছ উদ্দিন তোয়াকুল ইউনিয়নের ফুলতৈছ গ্রামের বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় তোয়াকুল বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে পাঁচ ব্যক্তি হারিছ উদ্দিনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করা হয় এবং তাঁদের মধ্যে একজন ধারালো অস্ত্র দিয়ে তাঁর একটি হাত কেটে দেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করেন।
তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত হারিছ উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটিকে অত্যন্ত ন্যক্কারজনক বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে গোয়াইনঘাট থানায় ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে থানায় গিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেও দায়িত্বপ্রাপ্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১১ অক্টোবর ভোরে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক যুবদল নেতা নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই দিনে সন্ধ্যায় হারিছ উদ্দিনের ওপর হামলার ঘটনায় গোয়াইনঘাটজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।






