কুলাউড়ায় ৫৩৩ চা শ্রমিককে রেইনকোট দিলেন এমপি
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:৪২:৩০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়ায় চা বাগানের স্থায়ী নারী শ্রমিকদের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় রেইনকোট বিতরণ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। প্রতিকূল আবহাওয়ায় চা শ্রমিকদের সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার দুপুরে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দিলদারপুর চা বাগান মন্দিরসংলগ্ন হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকতুল ইসলাম বলেন, জাতীয় সংসদে তিনিই প্রথম চা শ্রমিকদের রেইনকোটের বিষয়টি তুলে ধরেছেন। নির্বাচনের সময় চা শ্রমিকদের বৃষ্টিতে ভিজে কাজ করতে দেখে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হোন বা না হোন, তাদের জন্য রেইনকোটের ব্যবস্থা করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম মুন্না, দিলদারপুর চা বাগানের ব্যবস্থাপক আমিনুল ইসলাম, মেরিনা চা বাগানের ব্যবস্থাপক গোলাম ফারুক, বিজয়া চা বাগানের ব্যবস্থাপক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কমর উদ্দিন কমরু, সাবেক যুগ্ম আহবায়ক মইনুল হক বকুল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মিলন বৈদ্য প্রমুখ।
আয়োজকরা জানান, দিলদারপুর চা বাগানের ১৭৬ জন, বিজয়া চা বাগানের ৮৪ জন এবং মেরিনা চা বাগানের ২৭৩ জন এই তিন বাগানের মোট ৫৩৩ জন নিবন্ধিত শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য চা বাগানের শ্রমিকদের মধ্যেও রেইনকোট বিতরণ করা হবে।






