পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক: সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:১৩:২৮ অপরাহ্ন

সমাজ সংস্কার, মানবিক কল্যাণ এবং সুনাগরিক গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠন সহজ হয়।
বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মিলনায়তনে সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নজরুলসংগীত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে দৃশ্যমান ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি এবং ইসলামী মূল্যবোধ চর্চার এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সিলেট সিটি করপোরেশনের অবস্থান তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক যেকোনো ইতিবাচক উদ্যোগে সিসিকের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। সমাজ পরিবর্তনের এ ধারাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, রেজাউল করিম জালালী ও মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট সোসাইটির সাংগঠনিক সম্পাদক সেবুল রেজা।
আলোচনা সভা শেষে নজরুলসংগীত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা। বিজ্ঞপ্তি






