লক্ষ্যমাত্রার ৪২ হাজার কোটি টাকা পিছিয়ে এনবিআর
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৬, ৮:১৮:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা রাজস্ব আদায়ে পিছিয়ে আছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই-সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের হার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২ শতাংশেরও কম।
এনবিআর সূত্রে জানা গেছে, জুলাই-সেপ্টেম্বর মেয়াদে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ৯০ হাজার ৮২৫ কোটি টাকা।
রাজস্ব আদায়ের এই ধীরগতির জন্য আংশিকভাবে ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তনকে দায়ী করছেন এনবিআর কর্মকর্তারা। তারা বলছেন, এর মাধ্যমে ব্যবসায়ীদের প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছিল।
অর্থবছরের প্রথম তিন মাসেই রাজস্ব আদায়ের এ দুর্বলতার কারণে, ৬ লাখ কোটি টাকার বেশি সামগ্রিক লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের গবেষণা পরিচালক মো. দীন ইসলাম বলেন, রাজস্ব আদায়ের এই ধীরগতির কারণে সরকারি ব্যয় সীমিত হয়ে যেতে পারে। যদিও এখন প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ প্রয়োজন। সতর্ক করে তিনি জানান, পরিচালন ব্যয় মেটাতে সরকার এখন বেশি করে ঋণ নিতে পারে। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যেতে পারে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ ও উৎপাদন কঠিন হয়ে যেতে পারে।
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, রাজস্ব আদায়ে ঘাটতির পেছনে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম পরিবর্তন, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি ও প্রশাসনের দুর্বলতাসহ কয়েকটি কারণ রয়েছে। ত্রৈমাসিক ভ্যাট দাখিলের পূর্ণাঙ্গ প্রভাব মূল্যায়ন করা এখনই সম্ভব নয়। অক্টোবরের পরিসংখ্যান সামনে এলে এই প্রবণতার একটি স্পষ্ট চিত্র পাওয়া যাবে।





