গোয়াইনঘাটে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২৬, ৬:২৯:২২ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদী থেকে বালু উত্তোলন করতে গিয়ে মাটিচাপায় বারেক মিয়া (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নয়াবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারেক মিয়া গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর এলাকার জংসের মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও জীবিকার তাগিদে পিয়াইন নদীতে বালু উত্তোলনের কাজে যান বারেক মিয়া। কাজ করার একপর্যায়ে আকস্মিকভাবে পানির নিচে মাটির স্তূপ ধসে পড়ে। এতে তিনি মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ হন।
পরে স্থানীয় শ্রমিক ও উদ্ধারকারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






