সিলেটে তরুণী ধর্ষণ, নরসিংদীতে যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৮:০৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবককে নরসিংদী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এসআরবি-৯ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। জাহিদুল গোলাপগঞ্জ উপজেলার কালিকৃষ্ণপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের ২৪ বছর বয়সী এক বিবাহিত তরুণীর সঙ্গে জাহিদুলের মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই তরুণীকে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদে প্ররোচিত করেন। প্রায় ছয় মাস আগে বিবাহবিচ্ছেদের পর বিয়ের আশ্বাসে তাকে সিলেট শহরসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন জাহিদুল।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৩ অক্টোবর তরুণীকে নিয়ে নিজের মামা নজমুল মিয়ার বাড়িতে যান জাহিদুল। সেখানেও বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বিয়ের চাপ দিলে প্রবাসে যাওয়ার কথা বলে দেশে ফিরে বিয়ে করার আশ্বাস দেন। তবে একপর্যায়ে সরাসরি বিয়ে করতে অস্বীকৃতি জানান।
এঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে গত ১৫ অক্টোবর গোলাপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার একমাত্র এজাহারনামীয় আসামিকে গ্রেফতারে এসআরবি-৯ ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।






