ধর্ষণ-হত্যা মামলায় আসামির জামিন নামঞ্জুর, বাবাকে হুমকি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৬, ৮:২১:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দক্ষিণ সুরমায় মেয়েকে অপহরণ ও ধর্ষণ পরবর্তী মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামির জামিন নামঞ্জুরের পর বাদী বাবাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁর একমাত্র ছেলে ও নবম শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়েকে গুম ও হত্যার পাশাপাশি পুরো পরিবারকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ভুক্তভোগী বাবা একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ছবির আহমদ জানান, গত ২৮ অক্টোবর রাত ৯টা ৩৩ মিনিটে অজ্ঞাতনামা একটি নম্বর +৮৮০৯৬০৩২১৩৫৩৮ হতে তাঁর মোবাইল ফোনে কল আসে। এসময় ফোনে বলা হয়, তাদের টাকা আছে, টাকা দিয়ে তারা সবকিছু করতে পারে। তাঁর ছেলে ও ছোট মেয়েকে গুম-হত্যা এবং পুরো পরিবারকে গুলি করার হুমকি দেওয়া হয়। পাশাপাশি চাকরি ছেড়ে সিলেট থেকে কুমিল্লায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
জিডি সূত্রে জানা যায়, গত ১৭ জুন ছবির আহমদের মেয়ে মোছা. ছামিয়া আক্তারকে অপহরণের পর ধর্ষণ ও পরবর্তী সময়ে মৃত্যুর ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি জুবায়ের আহমদ (১৯) আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর পরদিনই তাঁকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ২৯ অক্টোবর দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৬০) করেছেন তিনি। জিডির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, জিডির আলোকে ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।






