নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩৭:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের মেন্টারনিটি কেয়ার ইউনিটে রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এক নবজাতকের মৃত্যু ঘটনায় স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশে জেলা সিভির সার্জন কার্যালয় এ নির্দেশনা দিয়েছে। ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ রেখেছেন বলে তারা জানিয়েছেন।
তদন্ত কমিটি প্রধান ও সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রদান করা হয়। প্রতিবেদনের সুপারিশের আলোকে চলতি সপ্তাহে মাউন্ট এডোরা কর্তৃপক্ষকে তাদের মেটারনিটি ইউনিট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
হাসপাতালটির ঐ ইউনিটে বেশকিছু ঘাটতি রয়েছে। ঘাটতি পূরণ করে ইউনিটটি আবার চালুর জন্য সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে হবে বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।
এরআগে গত ৯ অক্টোবর নগরীর আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে ডেলিভারির সময় এক নবজাতকের মৃত্যু হয়। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় অভিযোগ তুলেন নিহতদের স্বজনরা। পরে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ডেপুটি সিভিল সার্জনকে প্রধান করেন ৪ সদস্যের তদন্ত কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।






