কোম্পানীগঞ্জে ২৫টি পাথর ভাঙার মিল ধ্বংস
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৪৫:৩০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (বিএমডি) জব্দ করা পাথর কেনা, মজুত ও ভাঙার অভিযোগে ২৫টি ক্রাশার মিল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভোলাগঞ্জ ও পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৯ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১ হাজার ঘনফুট পাথর জব্দ করেন। কিন্তু জব্দের দুই দিনের মাথায় দুর্বৃত্তরা সেখান থেকে পাথর সরিয়ে ফেলে বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সরিয়ে নেওয়া পাথরের অধিকাংশ চিকাডহর গ্রামের হাবিবুর রহমানের বাড়ির আশপাশে রাখা হয়। জব্দ করা পাথর সরিয়ে ফেলায় নিলামগ্রহীতার কাছে সেগুলো বুঝিয়ে দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, স্থানীয় সূত্রের অভিযোগ, বেশ কিছুদিন ধরে জব্দ করা এসব পাথর রাতের আঁধারে ট্রাক্টরে করে ভোলাগঞ্জ ও পাড়ুয়ার বিভিন্ন ক্রাশার মিলে নিয়ে বিক্রি করছে একটি চক্র। এ চক্রের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বলে অভিযোগ উঠেছে। দুই শত ঘনফুট পাথরবোঝাই প্রতিটি গাড়ি পরিবহনের সুযোগ করে দিতে ৪ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয় বলেও স্থানীয় সূত্র দাবি করেছে। শাহ আরেফিন এলাকায় পুলিশের দুটি টহল দল থাকলেও তাদের ম্যানেজ করে বাবুল প্রতি রাতে ৫০ থেকে ৮০টি পাথরবোঝাই ট্রাক্টর চলাচলের ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে বাবুল আহমদের বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার ভোর ৪টা থেকে শাহ আরেফিন টিলার জব্দ করা পাথর পরিবহন শুরু হয়। খবর পেয়ে সকাল ৬টায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। তবে অভিযানে কোনো ট্রাক্টর আটক করা সম্ভব হয়নি। পরে যেসব ক্রাশার মিলে এসব পাথর বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোতে অভিযান চালানো হয়। বেলা ১টা পর্যন্ত চলা অভিযানে পেলোডার দিয়ে মোট ২৫টি পাথর ভাঙার মিল গুঁড়িয়ে দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয়, ক্রাশিং, মজুত ও বিক্রির অপরাধে প্রায় ২৫টি ক্রাশিং মিল পেলোডার দিয়ে অকেজো করা হয়েছে। এসব অবৈধ কার্যক্রম রোধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।




