নূরজাহান মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৬, ৬:৩৫:৪৭ অপরাহ্ন

শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সম্মান ও চাকরির নিশ্চয়তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি। তিনি বলেন, শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গবেষণার জন্য দিতে হবে পর্যাপ্ত সময় ও সুযোগ। সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন সমান হওয়া উচিত। তাহলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন। রোববার নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশার মর্যাদা বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের সুযোগ-সুবিধাও নিশ্চিত করতে হবে। বেতন, সম্মান ও চাকরির নিশ্চয়তা না থাকলে ভবিষ্যতে এ পেশায় মেধাবী ও যোগ্য মানুষ পাওয়া কঠিন হয়ে পড়বে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ সিলেটে নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত প্রথম দিকের নারীশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে যাত্রা শুরু করা কলেজটি বর্তমানে সিলেট মহানগর এলাকার অন্তর্ভুক্ত। সরকারি মহিলা কলেজের বাইরে নগরীর গুরুত্বপূর্ণ মহিলা কলেজগুলোর মধ্যে এটি অন্যতম। নগরীর দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক। কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন। এছাড়া বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের পরিচালক অধ্যাপক দিদার চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, রোটারিয়ান রাসেল মাহবুব, সহকারী অধ্যাপক এম এ বায়েছ এবং শিক্ষার্থী নাদিয়া ইসলাম ও তুনাত জিনাত নাজু। বিজ্ঞপ্তি




