সবজিতে আগুনের উত্তাপ
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০:৫৯ অপরাহ্ন

গতকাল একটি জাতীয় মিডিয়ায় ‘সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সিলেটের নি¤œ-মধ্য আয়ের মানুষ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সিলেটে প্রতি সপ্তাহেই ‘হু হু’ করে বাড়ছে নিত্য পণ্যের দাম। চড়া মূল্যের কারণে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহে সবজির দাম কিছুটা কম থাকলেও এ সপ্তাহে আবারও বেড়েছে। সবচেয়ে কম দামে যে সবজি বিক্রি হচ্ছে সেটিও ৪০ টাকায়। এ অবস্থায় ক্রেতারা যুগপৎ হতাশ ও শংকিত। বিক্রেতাদের অভিমত, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়া আর পরিবহন বেড়ে যাওয়ায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
দেখা গেছে, সিলেটের সবজির বাজারে বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০০ টাকায়, করোলা ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, শসা ৬০ থেকে ৭০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে ৪০ থেকে ৬০ টাকা।জনৈক ক্রেতা বলেন, প্রতি সপ্তাহে সবজির দাম বাড়ছেঠ। কিন্তু আমাদের ইনকাম বাড়ছে না। সবজির দাম বেড়ে যাওয়ায় সংসারের সংসারের বাজেট নষ্ট হচ্ছে। এভাবে দাম বাড়লে টিকে থাকাটাই মুশকিল হবে। সবজির সবুজে রীতিমতো আগুনের উত্তাপ অনুভূত হচ্ছে।বলা বাহুল্য, নিত্যপণ্যের মধ্যে অন্যতম হচ্ছে সবজি। বাংলাদেশের মাটি এতোই উর্বর যে, খুব সামান্য চেষ্টায় এমনকি মাটিতে বীজ ছড়িয়ে দিলেই অনেক সবজি উৎপাদিত হয়। এছাড়া তেল ডাল পেঁয়াজের মতো এগুলো বিদেশ থেকে আমদানিও করতে হয় না। তা সত্বেও প্রতিনিয়ত এসব সবজির দাম বাড়তে দেখা যাচ্ছে। এগুলোর দাম সাধারণ সীমিত আয়ের ক্রেতাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এর প্রধান কারণ অসৎ সিন্ডিকেট ব্যবসায়ীদের অসাধু তৎপরতা।দেখা গেছে, খুচরো সবজি বিক্রেতারা প্রতি কেজি সবজিতে ৫/৭ টাকা লাভ করলেও আড়তদার সবজি ব্যবসায়ীরা ১০/১৫ টাকায় কেনা সবজি ৭০/৮০ এমনকি ১০০/৫০০ টাকায় বিক্রি করছে। তারা উৎপাদন ও সরবরাহ হ্রাস এবং পরিবহন ব্যয় বৃদ্ধির অজুহাতে সবজির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করছে। কৃষক বা উৎপাদনকারী চাষীদের নিকট থেকে যে দামে সবজি কিনে আনছে, তার কয়েকগুণ বেশী দামে বিক্রি করছে। কিন্তু এসব ক্ষেত্রে বাজার মনটরিং নেই বললেই চলে। তাই অন্যান্য নিত্যপণ্যের মতো সবজি পণ্যেও জেঁকে বসেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট।আন্তর্জাতিক বাজারে বর্তমানে জ্বালানী তেলের দাম নি¤œমুখী। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১৭০ থেকে ৮৫ ডলারে নেমে এসেছে। কিন্তু সরকার তেলের দাম কমাচ্ছে না সমন্বয়ের প্রতিশ্রুতি সত্বেও। কিন্তু এখানেও কথা আছে। গত কয়েক মাস যাবৎ দেশে জ্বালানী তেলের দাম বাড়ছে না। কিন্তু সবজিসহ বিভিন্ন পণ্যের দাম ঠিকই বাড়ছে। এক্ষেত্রে পরিবহণ ব্যয় বৃদ্ধির অজুহাত ধোপে টিকে না। পথে ঘাটে চাঁদাবাজি আগে ছিলো, এখনো আছে। কিন্তু এসব অজুহাতে দফায় দফায় সবজির দাম বাড়ানোর কোন যুক্তি নেই, এমন অভিমত সচেতন মহলের। চলতি বছর বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগও কম হয়েছে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ফসল ও সবজি উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে। ফসল নষ্ট হতে দেখা যায় এসব ক্ষেত্রে। কিন্তু বর্তমান মৌসুমে সবজির এতো অস্বাভাবিক মূল্য বৃদ্ধি যেমন অযৌক্তিক তেমনি জীবনযাত্রার ব্যয় সংকট বৃদ্ধির জন্য বিশেষভাবে দায়ী। আমরা এদিকে বাজার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।




