ফেসবুকে বিএনপি ছাড়ার ঘোষণা দিলেন আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল হক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৯:০৭:৪১ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া: আলোচিত অ্যাক্টিভিস্ট ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ ঘোষণা দেন।
তবে ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দলীয় পদ নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ দাবি করেন, তিনি বিএনপির কোনো সাংগঠনিক পদেই ছিলেন না। তবে, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত সংশ্লিষ্ট পদবিসংবলিত একটি তালকা পাওয়া গেছে।
ওই তালিকায় দেখা যায়, মালয়েশিয়া বিএনপির কমিটিতে ৪০ নম্বরে তার নাম উল্লেখ রয়েছে। তিনি দলটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দলীয় মতাদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ড. ফয়জুল হক জানান, ২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে ও বাইরে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন। ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং ৫ আগস্টের ঘটনার পর বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে।
পোস্টে তিনি বলেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এতে একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে নিজেকে কোণঠাসা অনুভব করছি।
তিনি আরও বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন, তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।
রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ড. ফয়জুল হক বলেন, আমি ইনশাআল্লাহ ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রতিশ্রুতি।
তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলবো।





